Views Bangladesh Logo

সাবেক ৫ মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যদের বিও হিসাব জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পাঁচজন মন্ত্রী ও একজন সংসদ সদস্যসহ তাঁদের পরিবারের ২০ জনের নামে শেয়ারবাজারে থাকা সব বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশে এই ২০ জন ব্যক্তির বিও হিসাব জব্দ করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জব্দ থাকা অবস্থায় এসব বিও হিসাবে শুধুমাত্র অর্থ জমা করা যাবে। অর্থ উত্তোলনসহ অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

যে পাঁচ মন্ত্রী ও এমপির বিও হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন-সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পিরোজপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ।

এ ব্যাপারে বিএসইসির আদেশে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ–সংক্রান্ত বিষয়ে অনিয়ম হয়ে থাকতে পারে। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নের স্বার্থে এসব অনিয়ম রোধ করা প্রয়োজন। এ কারণে ডিপজিটরি আইন ১৯৯৯–এর ১৪ ধারা অনুযায়ী, বিএসইসির ক্ষমতাবলে এসব ব্যক্তির শেয়ারবাজারে থাকা বিও হিসাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জব্দ থাকবে।

আদেশে আরও বলা হয়, উল্লেখিত ব্যক্তিদের নামে থাকা ব্যাংক হিসাব এরই মধ্যে জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ। ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তেরও উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায় তাঁদের নামে থাকা শেয়ারবাজারের বিও হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ