ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে বিএসইসির কমিটি
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম, করপোরেট সুশাসনের ঘাটতি, নিয়োগে অনিয়ম এবং সিকিউরিটিজ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সম্প্রতি অনুসন্ধানের নির্দেশ দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিএসইসির আদেশে বলা হয়েছে, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থ রক্ষা এবং ডিএসইর প্রশাসনিক কার্যক্রমে সুশাসন নিশ্চিত করার প্রয়োজনেই এ অনুসন্ধান করা হচ্ছে। ডিএসইর একজন শেয়ারহোল্ডার সদস্যের উত্থাপিত অভিযোগের ভিত্তিতে আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স ও নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে।
অনুসন্ধানের আওতায় ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিকিউরিটিজ লেনদেন বা এ ধরনের ব্যবসায় সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই করা হবে। একই সঙ্গে এসব কর্মকর্তার পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠ সংশ্লিষ্ট ব্যক্তিরা এমন কোনো পুঁজিবাজারভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত কি না, যেখানে কর্মকর্তাদের সঙ্গে আস্থাভিত্তিক সম্পর্ক রয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে।
কর্মকর্তাদের নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়াও অনুসন্ধানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। এ ক্ষেত্রে ডিএসইর সংশ্লিষ্ট কমিটি, রিসোর্স অ্যাপয়েন্টমেন্ট কমিটি, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি এবং ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা পর্যালোচনা করা হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক পদে নিয়োগ, উপদেষ্টা নিয়োগ এবং শীর্ষ কর্মকর্তাদের পুনর্নিয়োগে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত সিদ্ধান্ত ছিল কি না, তা যাচাই করবে অনুসন্ধানকারী দল।
এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর গোপনীয়তা সংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে। ডিএসইর ব্যবস্থাপনা ও শীর্ষ কর্মকর্তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা রক্ষা করেছেন কি না, অনুসন্ধানে তা বিশেষভাবে দেখা হবে।
অভিযোগগুলো অনুসন্ধানে বিএসইসির তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন কমিশনের পরিচালক এ এস এম মাহমুদুল হাসান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান এবং সহকারী পরিচালক মো. মতিউর রহমান। কমিশনের আদেশ অনুযায়ী, আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।
মতামত দিন