Views Bangladesh Logo

মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার সদস্য হলো বিএসসিএল

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) মহাকাশভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা স্পেস ফর ক্লাইমেট অবজারভেটরি (এসসিও)–এর সদস্যপদ অর্জন করেছে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী (ন্যাশনাল ফোকাল পয়েন্ট) হিসেবেও প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। ফরাসি মহাকাশ সংস্থার নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিকে দেশের মহাকাশ প্রযুক্তি ও জলবায়ু গবেষণায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিএসসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর গত বছরের ৮ ডিসেম্বর সংস্থাটিতে আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) পাঠানো হয়। পরে এসসিওর স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে সদস্যপদ এবং জাতীয় সমন্বয়কারীর স্বীকৃতি দেওয়া হয়।

২০১৯ সালে ফ্রান্স সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এসসিও বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার একটি বৈশ্বিক জোট। সংস্থাটি উপগ্রহ থেকে পাওয়া তথ্য, মাঠপর্যায়ের তথ্য এবং স্থানীয় আর্থসামাজিক তথ্য বিশ্লেষণ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ, পূর্বাভাস তৈরি এবং নীতিনির্ধারণে সহায়তা করে। পাশাপাশি জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে অর্থায়নও করে।

বর্তমানে ফ্রান্স, চীন, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম ও হাইতিসহ বিভিন্ন দেশে এসসিওর অর্থায়নে একাধিক প্রকল্প চলছে। বাংলাদেশেও তাদের সহায়তায় ব্যান্ড-এসওএস প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ঘূর্ণিঝড়ের সময় তাৎক্ষণিক জলোচ্ছ্বাসের পূর্বাভাস, ঝুঁকির মানচিত্র তৈরি এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে আগাম তথ্য দেওয়া হচ্ছে।

এসসিওর সদস্য হওয়ায় বাংলাদেশ এখন আন্তর্জাতিক পর্যায়ে স্যাটেলাইটভিত্তিক জলবায়ু তথ্য, গবেষণা, প্রযুক্তি এবং উদ্ভাবনী প্রকল্পে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে। এতে দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ পর্যবেক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নতুন সুযোগ সৃষ্টি হবে।

আগামী ৯ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিতব্য স্পেস সামিটে এসসিওর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে বাংলাদেশের সদস্যপদ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুল রহমান বলেন, এই সদস্যপদ শুধু বিএসসিএলের নয়, বাংলাদেশের মহাকাশ প্রযুক্তি ও জলবায়ু কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। তাঁর মতে, এর মাধ্যমে গবেষণা, প্রযুক্তি বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং স্যাটেলাইটভিত্তিক জলবায়ু তথ্য ব্যবহারের নতুন সুযোগ তৈরি হবে, যা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করবে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ