Views Bangladesh Logo

বেরোবিতে উত্তেজনা: কারমাইকেলে শিবির, ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের অবস্থান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও শিবিরের সংঘর্ষের জেরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার বিকেল থেকে শিবিরের নেতাকর্মীরা রংপুর কারমাইকেল কলেজে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রদল, যুবদল ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে জড়ো হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৪টার পর থেকে রংপুর মহানগরসহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সেখানে আসতে শুরু করেন। তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্র দেখা যায়। এতে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে সোমবার যুদ্ধাপরাধীদের ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে বেরোবিতে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রতিবাদে রংপুর মহানগর ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অন্যদিকে একই স্থানে কর্মসূচির ঘোষণা থাকলেও শিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে না এসে রংপুর কারমাইকেল কলেজে অবস্থান নেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন, যারাই একাত্তরকে কটাক্ষ ও জুলাইকে ছোট করবে, তাদের বিরুদ্ধে ছাত্রদল সর্বাত্মক প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আগের দিনের ঘটনার পর দুই ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। মঙ্গলবারের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, বরং রংপুর মহানগর ছাত্রদলের কর্মসূচি। তিনি জানান, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ