Views Bangladesh Logo

নারীদের যাতায়াতে নতুন দিগন্ত, ঢাকা-চট্টগ্রাম-বগুড়ায় চালু হলো বিশেষ ‘পিংক বাস’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ দেশের তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নারীদের জন্য চালু হওয়া এই পরিবহনসেবা ধাপে ধাপে দেশের আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। চাহিদা ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় নতুন রুট নির্ধারণের পাশাপাশি বাসের সংখ্যাও বাড়ানো হবে। একই সঙ্গে বর্তমানে গণপরিবহনে নারীদের যাতায়াতের যে পরিবেশ রয়েছে, সেটিকে আরও নিরাপদ ও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। নারীদের জন্য বিশেষ বাস চালুর পরিকল্পনাটি সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগে থেকেই নেওয়া হয়েছিল।

বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ১৪টি বাস নিয়ে ‘পিংক বাস’ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে আরও দুটি বাস চলাচল করবে। রাজধানীতে ব্যবহৃত ১০টি বাসের একটি একতলা এবং বাকি নয়টি দ্বিতল। নারী যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির পাশাপাশি নারী চালক ও নারীবান্ধব ব্যবস্থাপনার মাধ্যমে সেবাটি পরিচালনার লক্ষ্য রয়েছে। চলতি বছরের বাজেট ঘোষণাতেও নারী কর্মীদের জন্য নিরাপদ ও নারী পরিচালিত বিশেষ বাসসেবা চালুর কথা জানানো হয়েছিল।

বিআরটিসির সামগ্রিক কার্যক্রম নিয়েও অনুষ্ঠানে কথা বলেন শেখ রবিউল আলম। তিনি জানান, রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটি বর্তমানে প্রায় ১ হাজার ২০০ বা তার বেশি বাস পরিচালনা করছে এবং বর্তমানে লোকসানে নেই, বরং প্রায় ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে বাস পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সেবার মানে এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে। পুরোনো ব্যবস্থাপনা আধুনিক করে যাত্রীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

রাজধানীর বাস রুট ব্যবস্থাপনাতেও বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, কিছু রুটের বাস্তবে অস্তিত্ব না থাকলেও সেগুলোর পারমিট রয়েছে। আবার কোনো কোনো রুটে অনুমোদিত পারমিট ছাড়াই বাস চলাচল করছে। দীর্ঘদিন আগে নির্ধারিত এসব রুটকে বর্তমান যাত্রীচাহিদা ও নগরবাসীর প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রুট ও পারমিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

এদিকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরাসরি ২০০টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগের কথাও জানিয়েছেন শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রকল্পের মাধ্যমে এসব বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, দরপত্র ও আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই দ্রুত বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয়ের পথে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত ২০০টি ইলেকট্রিক বাসের অর্ধেক নারীদের জন্য বিভিন্ন রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর ফলে ভবিষ্যতে ‘পিংক বাস’ সেবার আওতা ও রুট আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে। সম্প্রতি সরকার প্রথম ধাপে ২০০টি বৈদ্যুতিক বাস সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে নারীদের জন্য ১০০টি ইলেকট্রিক মিনিবাস রাখার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ