Views Bangladesh Logo

পিংক বাসে যুক্ত হলো স্যাটেলাইট ইন্টারনেট, চলন্ত অবস্থায় সংযোগের পরীক্ষা

নারীদের জন্য চালু হওয়া বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সেবায় এবার যুক্ত হয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট। পরীক্ষামূলকভাবে একটি বাসে স্টারলিংয়ের হাই পারফরম্যান্স ডিভাইস বসিয়ে ইন্টারনেট সংযোগ চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। চলন্ত বাসে দ্রুতগতির ইন্টারনেট সেবা কতটা কার্যকরভাবে দেওয়া যায়, মূলত তা যাচাই করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে পরীক্ষামূলক এই সেবার প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে একটি পিংক বাসে বিএসসিএলের স্থাপন করা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার কার্যক্রম দেখানো হয়। এর মাধ্যমে চলাচলের সময়ও বাসের যাত্রীদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

বিএসসিএল জানিয়েছে, পরীক্ষামূলক প্রকল্পটির অন্যতম উদ্দেশ্য হলো চলন্ত যানবাহনে উচ্চগতির ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা সম্ভব কি না, তা বাস্তবে পরীক্ষা করা। একই সঙ্গে দেশের গণপরিবহন ব্যবস্থায় স্যাটেলাইট প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়েও অভিজ্ঞতা অর্জন করা হবে।

এই প্রযুক্তি সফল হলে ভবিষ্যতে শুধু পিংক বাস নয়, অন্যান্য চলমান যানবাহনেও স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ সীমিত এমন এলাকায় চলাচলকারী যানবাহনে এ ধরনের প্রযুক্তি বিকল্প সংযোগ হিসেবে ভূমিকা রাখতে পারে। গণপরিবহনে ডিজিটাল সুবিধা বাড়ানোর ক্ষেত্রেও উদ্যোগটি নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

পিংক বাসে স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ প্রদর্শনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল বিশ্লেষণের পর গণপরিবহনে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহার আরও বিস্তৃত করার সম্ভাবনা বিবেচনা করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ