Views Bangladesh Logo

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএর হুঁশিয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

দীর্ঘ সময় বিরতিহীনভাবে গণপরিবহণ চালানোর ফলে চালকদের মধ্যে ক্লান্তি, তন্দ্রা ও ঘুমঘুম ভাব বাড়ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, এ ধরনের দুর্ঘটনায় চালক, সহকারী, যাত্রী ও পথচারীরা হতাহত হচ্ছেন। তাই দুর্ঘটনা কমাতে নির্ধারিত কর্মঘণ্টা মেনে যানবাহন চালানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে বিআরটিএ।

শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী- কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিয়ে আরও সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত কর্মঘণ্টার ব্যত্যয় ঘটিয়ে গণপরিবহণ চালালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ। এছাড়া, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ