Views Bangladesh Logo

সিঙ্গেল থেকে ডাবল-ডেকারে রূপান্তর করা ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত করল বিআরটিএ

দেশে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা নিবন্ধন না থাকলেও সিঙ্গেল-ডেকার হিসেবে নিবন্ধিত কিছু বাসের কাঠামো পরিবর্তন করে স্লিপার বাসে রূপান্তর করা হয়েছে। এভাবে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টের একটি রিটের নির্দেশনার পর বিআরটিএর গঠিত কারিগরি কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংস্থাটির ইঞ্জিনিয়ারিং শাখার তিন কর্মকর্তাকে নিয়ে গঠিত কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

কমিটির নেতৃত্বে ছিলেন বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ। সদস্য হিসেবে ছিলেন উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ. এস. এম কামরুল হাসান এবং সদস্যসচিব ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মঈনুল ইসলাম। ডাবল-ডেকার স্লিপার বাসের সংখ্যা, অননুমোদিত বাসের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, নিরাপত্তা ঝুঁকি এবং এ ধরনের যান চলাচলের জন্য নীতিমালার প্রয়োজনীয়তা পর্যালোচনা করে কমিটি।

অননুমোদিত স্লিপার বাসের বৈধতা নিয়ে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান হাইকোর্টে রিট করেন। ওই আবেদনের শুনানি শেষে ৪ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেন। পরে রিটকারীর পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ডাবল-ডেকার স্লিপার বাস বিষয়ে একটি স্বাধীন কারিগরি কমিটি গঠনের নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে বিআরটিএ তিন সদস্যের কমিটি গঠন করে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিআরটিএ এখন পর্যন্ত কোনো ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেয়নি। তবে সংস্থাটির ডাটাবেজে ডাবল-ডেকার বাস হিসেবে ৮২৯টি নিবন্ধনের তথ্য রয়েছে। এগুলো স্লিপার বাস নয়। এর বাইরে সিঙ্গেল-ডেকার হিসেবে নিবন্ধিত কিছু বাসের মালিক পরবর্তী সময়ে বডির ধরন পরিবর্তন করে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করেছেন। এমন ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

কমিটি জানিয়েছে, ডাবল-ডেকার স্লিপার বাসের জন্য বর্তমানে কোনো অনুমোদিত গাইডলাইন বা নীতিমালা নেই। ফলে বিআরটিএ এ ধরনের বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশনও দেয় না এবং অননুমোদিত বাসকে রুট পারমিট দেওয়া হচ্ছে না। সিঙ্গেল-ডেকার হিসেবে নিবন্ধিত কোনো বাস পরে ডাবল-ডেকার স্লিপার হিসেবে পরিবর্তন করে ফিটনেস নবায়নের জন্য আনা হলে তার ফিটনেস নবায়ন না করে রেজিস্ট্রেশন স্থগিতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিত করতে উন্নত দেশের অভিজ্ঞতার আলোকে ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন ও নিয়ন্ত্রণে জাতীয় নীতিমালা তৈরির কাজ চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ