১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ
মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনেও নম্বরপ্লেট প্রদর্শন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। এর ধারাবাহিকতায় সামনের অংশে নম্বরপ্লেট প্রদর্শনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিআরটিএ।
নির্দেশনায় মোটরসাইকেলের ধরন অনুযায়ী সামনের নম্বরপ্লেটের মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।
নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের। পাশাপাশি নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে এবং সেগুলোর উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।
বিআরটিএর নির্দেশনায় নম্বরপ্লেটে অতিরিক্ত সাজসজ্জা, নকশা কিংবা অন্য কোনো শোভাবর্ধক উপাদান ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। নির্ধারিত নকশা ও মাপ অনুসরণ করেই প্লেট তৈরি ও মোটরসাইকেলের সামনে স্থাপন করতে হবে।
এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর একই অনুভূমিক রেখায় প্রদর্শনের সুযোগ রাখা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নের জন্য মোটরসাইকেলের মালিকদের ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
মতামত দিন