Views Bangladesh Logo

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন সংক্রান্ত নিয়ম যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি সতর্ক করে বলেছে, যানবাহন বিক্রির পর মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন না করলে আগের মালিককে কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় বহন করতে হতে পারে।

বুধবার বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে মোটরযান বিক্রির পর নতুন ক্রেতারা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। ফলে যানটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর, সারচার্জ এবং আর্থিক দায় আগের মালিকের নামেই বহাল থাকছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ বিধান অনুসরণ না করার কারণে অনেক বিক্রেতাকে যানবাহনের অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ভার বহন করতে হচ্ছে।

এ পরিস্থিতি নিরসনে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হবে। যাচাই সম্পন্ন হওয়ার পর একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম শেষ করা সম্ভব হবে।

একই সঙ্গে নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সনদ গ্রহণের জন্য সেদিনই বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, মোটরযান বিক্রির পর আইন অনুযায়ী মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে বিভিন্ন ধরনের আইনি জটিলতা তৈরি হতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হতে পারে।

তাই মোটরযান ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে বিআরটিএ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ