বিআরটিএ ও ডিএমটিসিএলসহ চার সংস্থায় নতুন প্রধান নিয়োগ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-সহ সরকারি চারটি সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে অতিরিক্ত সচিব পদমর্যাদার চার কর্মকর্তাকে এসব পদে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বিআরটিএ-র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশ দেওয়া হয়, যা সংশোধন করে নতুন এই দায়িত্ব দেওয়া হলো।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বর্তমান মহাপরিচালক মো. শাওগাতুল আলমকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে