Views Bangladesh Logo

হাদি হত্যায় যাদের দায়ী করলেন ভাই

ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির হত্যার ব্যাপারে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তার ভাই যুক্তরাজ্যে বাংলাদেশের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শরীফ ওমর হাদি। হত্যাকাণ্ডটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শরীফ ওমর হাদির কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে দেশের কয়েকজন রাজনৈতিক ব্যক্তি ও সরকারি সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন তিনি।

মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে শরীফ ওমর হাদি দাবি করেন, তার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন নেতা সরাসরি জড়িত। তিনি দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।

আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, হাদি হত্যার পেছনের পরিস্থিতি তৈরিতে জামায়াতে ইসলামীর আমিরের একজন ব্যক্তিগত সহকারী (পিএস) ভূমিকা রেখেছেন। সেখানে তিনি দাবি করেন, হাদিকে ঢাকা-৮ আসনের রাজনৈতিক কার্যক্রম থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, ফেসবুক অ্যাকাউন্টটি সত্যিই শরীফ ওমর হাদির নিয়ন্ত্রণে রয়েছে কি না। অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে কি না বা পোস্টগুলো তিনি নিজে দিয়েছেন কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শরীফ ওমর হাদি বর্তমানে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তার এমন ‘রাজনৈতিক ও বিতর্কিত’ বিষয়ে প্রকাশ্য মন্তব্য বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে জারি করা নির্দেশনায় ব্যক্তিগত বা পেশাগত দায়িত্বের সঙ্গে অসংগতিপূর্ণ বিষয়ে মন্তব্য ও প্রচার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। তবে ওমর হাদির পোস্টের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ