Views Bangladesh Logo

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ঝাড়ু মিছিল করেছেন মহিলা দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরে এ কর্মসূচি পালন করেন তারা। মিছিলটি শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ঝাড়ু দেখা যায়।

মিছিল শেষে শহীদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন মহিলা দলের নেতাকর্মীরা। সেখানে বক্তারা আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

মহিলা দলের নেতাকর্মীদের অভিযোগ, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে আমির হামজার বক্তব্য অশালীন ও অসম্মানজনক। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো নারী জনপ্রতিনিধিকে নিয়ে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন আমির হামজা। সেখানে তিনি সার ডিলার নিয়োগ নিয়ে প্রশাসনের একটি বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। তার অভিযোগ, নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে বৈঠক করা হয়েছে।

এ সময় আমির হামজা আরও বলেন, সংসদ সদস্যরা বিভিন্ন কমিটির উপদেষ্টা হলেও তাদের বাদ দিয়ে প্রশাসনের বৈঠক করা দুঃখজনক। তিনি সার ডিলার নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার অভিযোগ তুলে এর বিরোধিতা করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করে বক্তব্য দেন।

এ বক্তব্যের পরই তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে নামে মহিলা দল। কর্মসূচিতে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ