ডোপ টেস্টে পজিটিভ ব্রোঞ্জজয়ী শভকাতভ, সাময়িক নিষিদ্ধ
ডোপ টেস্টে পজিটিভ হয়ে সাময়িক নিষিদ্ধ হয়েছেন এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী উজবেকিস্তানের নোদিরবেক শভকাতভ। চলমান এশিয়ান গেমসে প্রথম কোনো পদকজয়ী ক্রীড়াবিদ হিসেবে মিক্সড মার্শাল আর্টসের এই অ্যাথলেটের শরীরে নিষিদ্ধ উপাদানের উপস্থিতি মিলল।
জাপানের আইচি-নাগোয়ায় চলমান এই আসরে ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়া তৃতীয় ক্রীড়াবিদ শভকাতভ। আন্তর্জাতিক টেস্ট এজেন্সির (আইটিএ) বরাত দিয়ে জানা গেছে, তার সংগৃহীত নমুনায় হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত নিষিদ্ধ উপাদান ‘মেলডোনিয়াম’-এর উপস্থিতি পাওয়া গেছে। এই ওষুধটি মূলত অ্যাথলেটদের শারীরিক সহনশীলতা বাড়াতে এবং পেশির ক্লান্তি দ্রুত দূর করতে সহায়তা করে, যা ক্রীড়া বিশ্বে সম্পূর্ণ নিষিদ্ধ।
এর ঠিক একদিন আগেই তুর্কমেনিস্তানের কারাতেকা দায়ানচ কেলেতলিয়েভও একই উপাদান 'মেলডোনিয়াম' ব্যবহারের দায়ে ডোপ পরীক্ষায় পজিটিভ হন। তবে নিয়ম অনুযায়ী, শভকাতভ এই সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার পাশাপাশি নিজের ‘বি’ নমুনা পুনরায় পরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন।
মতামত দিন