Views Bangladesh Logo

সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম

রাজধানীর বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে এখন ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার। একই সঙ্গে চিংড়িসহ অধিকাংশ মাছের দামও উচ্চ পর্যায়ে থাকায় স্বস্তি মিলছে না ক্রেতাদের। তবে গরুর মাংস ও ডিমের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০–১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। গরুর মাংসের দাম অপরিবর্তিত থেকে প্রতি কেজি ৮০০ টাকা রয়েছে।

মুরগি বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় ব্রয়লারের দাম বেড়েছে। রায়েরবাজারের বিক্রেতা মো. সোহেল জানান, সরবরাহের ওপরই ব্রয়লারের দাম নির্ভর করে। আজ সরবরাহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

এদিকে মাছের বাজারেও দাম চড়া। রুই মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, কাতলা ২৩০ থেকে ৫০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৭০০ টাকা এবং টাকি ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১২০ থেকে ১৬০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, কই ৪০০ থেকে ৫০০ টাকা, শিং ৪০০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিংড়ির দামও বেড়েছে। আকার ও জাতভেদে প্রতি কেজি ৫৫০ থেকে ৯০০ টাকা, আর বড় আকারের চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

ক্রেতাদের অভিযোগ, বাজারে ২০০ টাকার নিচে ভালো মাছ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ধানমন্ডির বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, চাষের মাছের দাম কিছুটা কম হলেও সামুদ্রিক মাছ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

অন্যদিকে মাছ বিক্রেতাদের দাবি, চিংড়ির সরবরাহ কম থাকায় এর দাম বেশি। বর্ষা মৌসুমে নদীর মাছের সরবরাহ বাড়লে বাজারে মাছের দাম কিছুটা কমতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ