Views Bangladesh Logo

সমঝোতায় কারাদণ্ড থেকে মুক্তি পেলেন ব্রিটনি স্পিয়ার্স

মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হওয়া পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স শেষ পর্যন্ত কারাদণ্ড থেকে রেহাই পেয়েছেন। আদালতের সঙ্গে সমঝোতার মাধ্যমে চলতি বছরের শুরুতে শুরু হওয়া আইনি জটিলতার অবসান ঘটেছে।

গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল, তিনি বিএমডব্লিউ গাড়িটি অত্যন্ত বেশি গতিতে ও ঝুঁকিপূর্ণভাবে চালাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

৪ মে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলার শুনানি হয়। ব্রিটনি নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ স্বীকার করেন। সমঝোতার ভিত্তিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর গুরুতর অভিযোগটি তুলে নেওয়া হয় এবং তুলনামূলক কম গুরুতর 'রেকলেস ড্রাইভিং' অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।

গ্রেপ্তারের পর ব্রিটনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। তার প্রতিনিধিদের দাবি, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবন নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আদালতে তার আইনজীবী জানান, নিজেকে সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আদালত কিছুটা নমনীয় হয়েছে।

এই সমঝোতার ফলে ব্রিটনিকে কারাদণ্ড ভোগ করতে হচ্ছে না। তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আদালতের নজরদারিতে থাকতে হতে পারে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ