চট্টগ্রামে বাসা থেকে ব্রিটিশ পাসপোর্টধারীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে দেলোয়ার হোসেন জাকির নামে এক ব্রিটিশ পাসপোর্টধারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করায় প্রায় চার দিন ধরে একাই ছিলেন তিনি।
মঙ্গলবার হালিশহরের এ ব্লকের ১০ নম্বর লেনের ‘রওশন মঞ্জিল’-এর দ্বিতীয় তলার একটি বাসা থেকে ৫৫ বছর বয়সী জাকিরের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জাকিরের স্বজনরা লন্ডনে থাকেন। চার দিন ধরে তারা ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাচ্ছিলেন না। একপর্যায়ে বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে খাটের ওপর থেকে জাকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকির সন্দ্বীপের অধুনালুপ্ত সন্দ্বীপ টাউন দীঘির পাড় এলাকার অজিউল্যাহ সুকানীর ছেলে। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। আর জাকির প্রায় দুই বছর ধরে হালিশহরের ওই বাসায় একাই থাকতেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
মতামত দিন