Views Bangladesh Logo

হুমায়ুন কবিরকে অভিনন্দন ব্রিটিশ হাইকমিশনারের, সম্পর্ক জোরদারে গুরুত্ব

নতুন দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। রোববার (৩০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারাহ কুক বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়েছে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ব্রিটিশ হাইকমিশনার। পাশাপাশি অভিবাসন সহযোগিতা, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচনায় স্থান পায়।

সারাহ কুক বলেন, দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, দুই দেশের অংশীদারত্ব থেকে যেন উভয় দেশের জন্য বাস্তব ও দৃশ্যমান সুফল আসে, সে লক্ষ্যেই কাজ করতে চান তারা। এ ক্ষেত্রে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে নতুন দায়িত্বে থাকা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক যোগাযোগের আনুষ্ঠানিক সূচনাও হলো। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোতে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ