স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যাডভাইজার লুইস বেননের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রায়ান ডানকানসন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ অব পার্টি আমিনুল এহসান এবং সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর লিপিকা বিশ্বাস।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় সংসদীয় স্থায়ী কমিটিগুলোর গঠন ও কার্যক্রম আরও কার্যকর করার বিষয়টি। পাশাপাশি সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা।
বৈঠকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ নিয়েও আলোচনা হয়েছে। সাইবার নিরাপত্তা ও সংশ্লিষ্ট আইনি কাঠামোর বিভিন্ন বিষয় বৈঠকে উঠে আসে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়।
মতামত দিন