Views Bangladesh Logo

ব্রিটেনে ১৭ বছর বা তার কম বয়সী কেউ সিগারেট কিনতে পারবে না

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রিটেনে ১৭ বছর বা তার কম বয়সী এবং ভবিষ্যতে জন্মগ্রহণকারী কেউ আর কখনো বৈধভাবে সিগারেট কিনতে পারবেন না। ধূমপান নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ আরোপ করে ব্রিটিশ পার্লামেন্টে নতুন একটি বিল অনুমোদিত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

‘তামাক ও ভ্যাপ বিল’ অনুযায়ী, তামাকজাত পণ্য কেনার ন্যূনতম বয়স প্রতি বছর এক বছর করে বাড়ানো হবে। ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। ফলে সংশ্লিষ্ট বয়সের মানুষদের জন্য তামাক কেনা আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাবে।

আগামী সপ্তাহে রয়্যাল অ্যাসেন্ট পেতে যাওয়া এই আইনে ভ্যাপিংয়ের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। ১৮ বছরের কম বয়সীদের কাছে ভ্যাপ ও নিকোটিন পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এসব পণ্যের বিজ্ঞাপন, প্রদর্শন, বিনামূল্যে বিতরণ ও মূল্যছাড়ের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ব্রিটিশ সরকারের মতে, এই পদক্ষেপ ধূমপান কমাতে এবং তরুণ প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে রক্ষা করতে সহায়তা করবে। এতে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর দীর্ঘমেয়াদি চাপও কমবে।

বিল অনুমোদনের পর স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং একে দেশের জনস্বাস্থ্যের জন্য 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, যুক্তরাজ্যের শিশুরা প্রথম ধূমপানমুক্ত প্রজন্মের অংশ হবে এবং সারাজীবনের আসক্তি ও ক্ষতি থেকে রক্ষা পাবে। তিনি আরও বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম — এই সংস্কার জীবন বাঁচাবে, এনএইচএসের ওপর চাপ কমাবে এবং একটি স্বাস্থ্যকর ব্রিটেন গড়ে তুলবে।

সরকারি হিসাব অনুযায়ী, ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু হয় এবং ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন। এর ফলে এনএইচএসের বার্ষিক ব্যয় দাঁড়ায় প্রায় ৩০০ কোটি পাউন্ড (৪০০ কোটি ডলার), আর সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি পাউন্ড ছাড়িয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ