আইজি প্রিজন্সের পদ থেকে সরানো হলো ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নিজ কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর বিএ-৪৯৫৪ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সংশ্লিষ্ট বিভাগ বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শকের দায়িত্ব পান মোতাহের হোসেন। দায়িত্ব পালনের সময় সম্প্রতি তার বিরুদ্ধে কারাগারে আটক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে কারাগারে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ নিয়ে আলোচনা হয়।
তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। ওই সময় মোতাহের হোসেন জানান, গত এক বছরে দেশের বিভিন্ন কারাগার থেকে তিন হাজারের বেশি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ছাড়া তিনি জানান, ২০২৪ সালে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দীর মধ্যে তিন জঙ্গিসহ ৬৯০ জন এখনো পলাতক রয়েছেন। নরসিংদী কারাগার থেকে পালানো বন্দীদের মধ্যে ১৬৬ জনের তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।
মতামত দিন