Views Bangladesh Logo

ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক সুলতানুল আফরীন জুনাইদ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। মঙ্গলবার বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মহাপরিচালকের দপ্তরে দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে বিদায়ী মহাপরিচালক অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

মহাপরিচালক হিসেবে দুই বছর ১০ দিন দায়িত্ব পালনের পর ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন। বিদায়লগ্নে তিনি ফায়ার সার্ভিসে কর্মকালীন অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার প্রশংসা করেন এবং দায়িত্ব পালনে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিকেল ৪টায় অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। এ সময় তিনি প্রতিষ্ঠানের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেন।

নবনিযুক্ত মহাপরিচালক বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্নিনিরাপত্তা জোরদার করা এবং দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় জনসেবার মান উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। দায়িত্ব পালনে দক্ষতা, আন্তরিকতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগের আদেশ জারি করা হয়। একই আদেশে বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ