সেতু বিভাগের সচিব আবদুর রউফের চুক্তিভিত্তিক নিয়োগ এক বছর বাড়ল
মোহাম্মদ আবদুর রউফকে সেতু বিভাগের সচিব পদে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী আবদুর রউফকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুর রউফের অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এর সঙ্গে সংশ্লিষ্ট সুবিধা স্থগিত থাকবে। পাশাপাশি চুক্তির মেয়াদে অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত হওয়া যাবে না। সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।
তার চুক্তিভিত্তিক নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নিয়োগের মেয়াদ হবে এক বছর। তবে এ নিয়োগের অন্যান্য শর্ত আলাদা চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদ আবদুর রউফ ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। এর পরদিন, ২৬ ফেব্রুয়ারি তিনি সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন।
সরকারি চাকরির নিয়ম অনুযায়ী অবসরের পর অভিজ্ঞ কর্মকর্তাদের বিশেষ প্রয়োজনের ভিত্তিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে। আবদুর রউফের ক্ষেত্রেও অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখার শর্তে নতুন করে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হলো।
মতামত দিন