Views Bangladesh Logo

ব্রাজিল–মরক্কো ম্যাচ: সুপার-কম্পিউটারের চোখে এগিয়ে সেলেসাও

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফিফা র‌্যাঙ্কিংয়ে খুব বেশি ব্যবধান নেই দুই দলের মধ্যে। ব্রাজিল রয়েছে ষষ্ঠ স্থানে, আর মরক্কো সপ্তম। তবু বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামছে ব্রাজিল।

রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় মরক্কোও যথেষ্ট আত্মবিশ্বাসী। ২০২৩ সালের পর থেকে মাত্র দুটি ম্যাচে হার দেখেছে আফ্রিকার দলটি। ফলে ব্রাজিলের জন্য ম্যাচটি সহজ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

তবে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ব্রাজিলকেই এগিয়ে রাখছে ক্রীড়া-তথ্যভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে তারা জানিয়েছে, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৮.৮ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৩.৫ শতাংশ।

দুই দলের অতীত লড়াইয়ের ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল তারা। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে গোল করেছিলেন রোনালদো নাজারিও ও রিভালদো।

আফ্রিকার দলগুলোর বিপক্ষেও বিশ্বকাপে দারুণ রেকর্ড রয়েছে ব্রাজিলের। আফ্রিকান প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্বকাপে আট ম্যাচ খেলে সাতটিতেই জয় পেয়েছে সেলেসাওরা। একমাত্র হারটি আসে সর্বশেষ আসরের গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে।

তবে ইতিহাস কিংবা পরিসংখ্যান নয়, মরক্কোর আত্মবিশ্বাসের বড় উৎস হতে পারে ২০২৩ সালের সেই প্রীতি ম্যাচ। ওই ম্যাচে ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। তাই বিশ্বকাপের মঞ্চেও আফ্রিকার প্রতিনিধিরা আরেকটি অঘটনের স্বপ্ন দেখতেই পারে।

সব মিলিয়ে কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্ম এবং আত্মবিশ্বাসের বিচারে মরক্কোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাই জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ