হৃদরোগের কারণে ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান তারকা
হৃদরোগজনিত সমস্যার কারণে মাত্র ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলের এক সময়ের তারকা মিডফিল্ডার অস্কার।
শনিবার তার বর্তমান ক্লাব সাও পাওলো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, গত বছরের নভেম্বরে হৃদরোগের জটিলতা নিয়ে পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অস্কার। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ‘ভ্যাসোভ্যাগাল সিনকোপ’ নামক সমস্যায় ভুগছেন। এ অবস্থায় হঠাৎ হৃদস্পন্দন ও রক্তচাপ কমে গিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
সাও পাওলোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও শারীরিক অবস্থার কারণে সেটি বাতিল করার সিদ্ধান্ত নেন এই মিডফিল্ডার।
অবসরের ঘোষণায় আবেগাপ্লুত অস্কার সামাজিক মাধ্যমে বলেন, তিনি আরও কিছুদিন খেলতে চেয়েছিলেন। নিজের দক্ষতা ও বয়সের ওপর আত্মবিশ্বাস থাকলেও শারীরিক সমস্যার কারণে তাকে থামতে হচ্ছে। এখন থেকে মাঠের বাইরে থেকে প্রিয় ক্লাবকে সমর্থন দেওয়ার কথাও জানান তিনি।
ক্লাব ফুটবলে অস্কারের ক্যারিয়ার ছিল বেশ সমৃদ্ধ। ইংল্যান্ডের চেলসির হয়ে দুইবার প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। এছাড়া চীনের সাংহাই পোর্টের হয়ে তিনবার লিগ শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে এসেছিলেন অস্কার। তবে শেষ পর্যন্ত শারীরিক অসুস্থতার কাছে হার মেনে অকালেই ফুটবলকে বিদায় জানাতে হলো এই প্রতিভাবান তারকাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে