রেফারিকে মাথা দিয়ে আঘাত করে মুখের হাড় ভাঙলেন ব্রাজিলের ফুটবলার
ব্রাজিলে একটি ফুটবল টুর্নামেন্টে লাল কার্ড দেখানোর জেরে এক রেফারিকে মাথা দিয়ে আঘাত করে তাঁর মুখের হাড় ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। আহত রেফারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর মুখে অস্ত্রোপচার লাগতে পারে।
ইটাপেতিনিঙ্গা অ্যারেনাস অ্যামেচার চ্যাম্পিয়নশিপে অ্যাথেনাস ও সালভে কেব্রাদার মধ্যকার ম্যাচ চলাকালে এই ঘটনাটি ঘটে। ম্যাচটিতে দায়িত্ব পালন করছিলেন রেফারি জুলিয়ানো আসিস দে সুজা। খেলার এক পর্যায়ে প্রোজেতো অ্যাথেনাস দলের খেলোয়াড় ফ্যাবিনহো উগ্র আচরণ করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এতে ক্ষিপ্ত হয়ে ফ্যাবিনহো হুট করেই রেফারির ওপর চড়াও হন এবং সজোরে তাঁর মুখে মাথা দিয়ে আঘাত করেন।
এ ঘটনার পর পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত ফুটবলার পালিয়ে যান। তবে এই সহিংস আচরণ বরদাশত করেনি ইটাপেতিনিঙ্গা সিটি কাউন্সিল। তারা ফ্যাবিনহোকে পৌরসভা পরিচালিত যেকোনো ধরনের টুর্নামেন্ট থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। পাশাপাশি তাঁর ক্লাব অ্যাথেনাসকে চলতি টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পাশাপাশি ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য স্থগিত করেছে।
হাসপাতালে চিকিৎসাধীন রেফারি জুলিয়ানো সুজা জানিয়েছেন, তিনি এই অনাকাঙ্ক্ষিত হামলার দায়ে অভিযুক্ত খেলোয়াড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে যাচ্ছেন।
অন্যদিকে অ্যাথেনাস ক্লাবও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্যাবিনহোকে দল থেকে চিরতরে বহিষ্কার করার কথা জানিয়েছে। শৃঙ্খলা কমিটিও তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
মতামত দিন