ব্রাজিলের তারকা ব্রুনো গিমারায়েস এবার আর্সেনালে
ব্রাজিলের তারকা মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে ভেড়াতে যাচ্ছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের এই অধিনায়ককে প্রায় ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে দলে নেওয়ার বিষয়ে দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।
২০২৫-২৬ মৌসুমে ২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগেও ফাইনালের কাছাকাছি গিয়ে পিএসজির কাছে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপীয় শ্রেষ্ঠত্বের সুযোগ হারায় মিকেল আর্তেতার দল। এবার আরও বড় লক্ষ্য সামনে রেখে দল শক্তিশালী করার পরিকল্পনা করেছে ক্লাবটি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গিমারায়েসকে দলে টানছে তারা।
২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান প্রথম প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। তবে আর্সেনালে যোগ দেওয়ার ব্যাপারে তার আগ্রহ ছিল। পরে নিউক্যাসলের কাছে সংশোধিত প্রস্তাব পাঠানো হলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।
দলবদল-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনালে যোগ দেওয়ার আগে গিমারায়েস স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন। চার বছরের চুক্তিতে স্বাক্ষরের প্রস্তুতিও শেষ করেছেন তিনি। এরই মধ্যে আর্সেনাল কোচ মিকেল আর্তেতার সঙ্গে তার কথাও হয়েছে। খুব শিগগিরই দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
নিউক্যাসলের সঙ্গে গিমারায়েসের বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর ছিল। পাশাপাশি চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে উপযুক্ত প্রস্তাব পেলে আর্সেনালে যোগ দিতে আগ্রহী বলে তিনি আগেই নিউক্যাসলকে জানিয়েছিলেন। শেষ পর্যন্ত নতুন চ্যালেঞ্জের সন্ধানে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্রাজিলিয়ান।
নিউক্যাসল ছাড়ার সিদ্ধান্তকে জীবনের ‘সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি’ হিসেবে উল্লেখ করেছেন গিমারায়েস। তিনি বলেন, নিউক্যাসল তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তবে জীবনে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে চেয়েছেন এবং নিজের ও পরিবারের জন্য নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।
২০২২ সালের জানুয়ারিতে অবনমনের শঙ্কায় থাকা নিউক্যাসলে যোগ দিয়েছিলেন গিমারায়েস। সাবেক কোচ এডি হাওয়ের অধীনে নিউক্যাসলের ঘুরে দাঁড়ানোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সাত দশকের মধ্যে নিউক্যাসলের প্রথম অধিনায়ক হিসেবে গত বছর দলকে বড় ঘরোয়া ট্রফিও এনে দেন। ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলকে হারিয়ে সেই শিরোপা জিতেছিল নিউক্যাসল।
এবার সেই গিমারায়েসের নতুন ঠিকানা হতে যাচ্ছে আর্সেনাল।
মতামত দিন