প্রথম গোলের দেখা পেল ব্রাজিল
হাইতির বিপক্ষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে মাতেউস কুনিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর আজকের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। রক্ষণভাগে রজার ইবানিয়েসের জায়গায় দানিলো এবং আক্রমণভাগে ইগর থিয়াগোর বদলে সুযোগ পান মাতেউস কুনিয়া। সেই আস্থারই প্রতিদান দিয়েছেন এই ফরোয়ার্ড।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে ব্রাজিল। প্রথমদিকে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় কিছুটা হতাশ হতে হয় সেলেসাও সমর্থকদের। তবে ২৩তম মিনিটে অপেক্ষার অবসান ঘটে।
মাঝমাঠে হাইতির একটি ভুল থেকে বলের দখল নেয় ব্রাজিল। দ্রুত আক্রমণে উঠে ভিনিসিয়ুস জুনিয়র চমৎকারভাবে বল বাড়িয়ে দেন কুনিয়ার কাছে। সুযোগ হাতছাড়া না করে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
গোলের পরও ম্যাচে আধিপত্য ধরে রেখেছে ব্রাজিল। বলের দখল, আক্রমণ তৈরি এবং গোলমুখে শট—সব পরিসংখ্যানেই এগিয়ে রয়েছে আনচেলত্তির দল। অন্যদিকে হাইতি মূলত রক্ষণ সামলাতেই ব্যস্ত সময় পার করছে।
এদিকে চোটের কারণে এই ম্যাচেও মূল একাদশের বাইরে রয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। তবে তার অনুপস্থিতিতেও আক্রমণভাগে স্বচ্ছন্দ ছন্দে খেলছে সেলেসাওরা।
মতামত দিন