Views Bangladesh Logo

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসন পুনরুদ্ধার করল ব্রাজিল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের মর্যাদা আবারও নিজেদের করে নিয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে জয় তুলে নিয়ে জার্মানিকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোলসংখ্যা ছিল ২৩৭, যেখানে জার্মানির ছিল ২৩২। তবে টুর্নামেন্ট চলাকালে কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে জার্মানি তাদের মোট গোলসংখ্যা ২৩৯-এ উন্নীত করে এবং সাময়িকভাবে শীর্ষস্থান দখল করে নেয়।

এরপর হাইতির বিপক্ষে ব্রাজিলের তিন গোলের জয়ে পরিস্থিতি বদলে যায়। ম্যাচে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া, আর একটি গোল যোগ করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ের ফলে বিশ্বকাপে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়ায় ২৪১-এ, যা জার্মানির চেয়ে দুই গোল বেশি।

শুধু রেকর্ডই নয়, এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘সি’-তেও গোল ব্যবধানে শীর্ষস্থান দখল করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। একই পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে তারা মরক্কোকে পেছনে ফেলেছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে জার্মানি তাদের পরবর্তী ম্যাচে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ২০০-এর বেশি গোল করতে পেরেছে মাত্র দুটি দল—ব্রাজিল ও জার্মানি। সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমানে ব্রাজিল ২৪১ গোল নিয়ে শীর্ষে, জার্মানি ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে আর্জেন্টিনা (১৫২), ফ্রান্স (১৩৬) এবং ইতালি (১২৮)।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ