অক্টোবরে ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ভারত সফরের পর বাংলাদেশকে নিয়েও পরিকল্পনা রয়েছে সেলেসাওদের। তারই অংশ হিসেবে রবিবার (২৩ আগস্ট) আচমকা ঢাকায় এসেছে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডো চলাকালে বাংলাদেশের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বাফুফের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায়। তবে জাতীয় দলের পূর্বনির্ধারিত ব্যস্ত সূচি থাকায় ব্রাজিলকে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাফুফে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া আসিয়ান কাপের ফাইনালে বাংলাদেশ অংশ নিলে তারা ৩ অক্টোবর পর্যন্ত ব্যস্ত থাকবে। টুর্নামেন্টটির গ্রুপ পর্বেও বাংলাদেশের তিনটি ম্যাচ নির্ধারিত রয়েছে।
এদিকে ব্রাজিলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছে সরাসরি জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। এরপর তারা বসুন্ধরা কিংস অ্যারেনা ঘুরে দেখে এবং রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করে।
উল্লেখ্য, এর আগে কখনো বাংলাদেশে আসেনি ব্রাজিল ফুটবল দল। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।
মতামত দিন