এক ম্যাচে ৯ উইকেট নিয়ে ব্রাজিল পেসারের বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাই ৯ উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো। নারী বা পুরুষ — যেকোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম ৯ উইকেটের ঘটনা। বৃহস্পতিবার বতসোয়ানায় অনুষ্ঠিত কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই নতুন ইতিহাস লেখেন তিনি।
কারদোসো মাত্র ৩ ওভারে ৪ রান খরচায় নেন ৯ উইকেট। দ্বিতীয় ওভারে হ্যাটট্রিক দিয়ে শুরু, চতুর্থ ওভারে আরও ৪ এবং ষষ্ঠ ওভারে আরও ২ উইকেট নিয়ে ৯-এ পৌঁছান তিনি। দশম উইকেটটিও তার পাওয়ার সুযোগ ছিল, কিন্তু শেষ উইকেটটি নিয়ে নেন সতীর্থ মারিয়ান আর্তুর। কারদোসোর তোপে মাত্র ৬.২ ওভারে ১৩ রানে অলআউট হয় লেসোথো। আগে ব্যাট করে ২০২ রান করা ব্রাজিল ম্যাচ জেতে ১৮৯ রানের বিশাল ব্যবধানে।
এর আগে নারী টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার — ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে বিনা রানে ৭ উইকেট। আর নারী-পুরুষ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের — ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট।
ছয় দলের কালাহারি নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্রাজিল ও লেসোথোর পাশাপাশি খেলছে স্বাগতিক বতসোয়ানা, মালাউই, জাম্বিয়া ও মোজাম্বিকের নারী দল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে