হাইতির বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে ব্রাজিল
গ্রুপ ‘সি’-তে হাইতির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। সেই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে পরাজয় এড়ালেও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না আনচেলত্তি। তারই প্রতিফলন দেখা গেছে আজকের একাদশে।
রক্ষণভাগে রজার ইবানিয়েসের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ দানিলো। অন্যদিকে আক্রমণভাগে ইগর থিয়াগোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মাতেউস কুনিয়া।
গ্রুপ ‘সি’-তে বর্তমানে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ফলে নকআউট পর্বের আশা জিইয়ে রাখতে হাইতির বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো ফল সেলেসাওদের জন্য স্বস্তিদায়ক হবে না।
এদিকে চোটের কারণে এবারও মূল একাদশের বাইরে রয়েছেন নেইমার। দলের সঙ্গে অনুশীলনে ফিরলেও পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নিতে চাননি আনচেলত্তি।
অন্যদিকে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮০-এর বাইরে থাকা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল। তাই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে তাদের জন্যও ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্রাজিলের একাদশ:
আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা; রাফিনিয়া, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
মতামত দিন