শুরু হলো ব্রাজিল–জাপান মহারণ
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও জাপান। বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শুরু হয়েছে দুই দলের বহুল প্রতীক্ষিত ম্যাচ। দুই দলই শেষ আটে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরে হাইতি ও স্কটল্যান্ডকে ৩–০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে ব্রাজিল। অন্যদিকে নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র এবং তিউনিসিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে জাপান।
পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে এশিয়ার দলগুলোর বিপক্ষে আগের চার ম্যাচেই জয় পেয়েছে সেলেসাওরা। ফলে জাপানকে হারাতে পারলে বিশ্বকাপে এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে টানা পঞ্চম জয়ের কীর্তি গড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্কটল্যান্ডকে হারানো ম্যাচের জয়ী একাদশই অপরিবর্তিত রেখেছেন। অন্যদিকে জাপান কোচ হাজিমে মরিয়াসু একাদশে এনেছেন চারটি পরিবর্তন। রক্ষণে ফিরেছেন তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচি, মাঝমাঠে সুযোগ পেয়েছেন কাইশু সানো, আর আক্রমণে জুনিয়া ইতোকে শুরু থেকেই খেলানো হচ্ছে।
এখন দেখার বিষয়, বিশ্বকাপে এশিয়ার দলগুলোর বিপক্ষে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে ব্রাজিল শেষ আটে উঠতে পারে কি না, নাকি নতুন ইতিহাস লিখবে জাপান।
মতামত দিন