Views Bangladesh Logo

চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের শোডাউন: চার মোটরসাইকেলে ৮৫ হাজার টাকা জরিমানা

ফিফা বিশ্বকাপ-২০২৬ ঘিরে এখন থেকেই চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। বিশ্বকাপের আগাম উত্তেজনা ছড়িয়ে দিতে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করেন। শহরজুড়ে এই শোভাযাত্রাকে কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তবে শোভাযাত্রার সময় উচ্চ শব্দে হর্ন বাজানোর অভিযোগ উঠে আসে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৮৫ হাজার টাকার জরিমানা আরোপ করা হয়।

রোববার (৩১ মে) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহীদ হাসান চত্বর, কোর্টমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

ব্রাজিল সমর্থক ও ফুটবল প্রেমিক দিদারুজ্জমান বলেন, বিশ্বকাপ খেলা আসলে ব্রাজিল সমর্থকদের মধ্যে একটা আনন্দ বয়ে নিয়ে আসে। ব্রাজিলের খেলার যে ছন্দ তারা যে তাল মিলিয়ে খেলা করে। যে কারণে ব্রাজিল এবার কাপ নিবে এমনটা প্রত্যাশা করি। এবার আমার ভালোবাসার দল ব্রাজিল হেক্সামিশন জয় করবো।

আরেক সমর্থক ইমরুল হোসেইন বলেন, বিশ্বকাপ খেলার উন্মাদনা হচ্ছে দুইটি দল ব্রাজিল ও আর্জেনটিনা। বিশ্বে যত ভালো খেলোয়ার তৈরি হয়েছে। তার সবই ব্রাজিল থেকে তৈরি হয়েছে। ব্রাজিল ভক্তরা খুবই সুশৃঙ্খল। আজকে ব্রাজিল ভক্তদের মোটরসাইকেল শোডাউন ও আনন্দ র‍্যালি জানান দিচ্ছে বিশ্বকাপ এসে গেছে।

তবে আনন্দ শোভাযাত্রার সময় কয়েকটি মোটরসাইকেলে উচ্চ শব্দের হলার বা পরিবর্তিত হর্ন ব্যবহার করায় ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, অংশগ্রহণকারীরা বিকৃত বা সাইলেন্সারবিহীন মোটরসাইকেল ব্যবহার করে অতিরিক্ত শব্দ সৃষ্টি করছিলেন, যা জনসাধারণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ কারণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। সেগুলোতে সাইলেন্সার এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে আটক করা হয়। পরে চারটি পৃথক মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সাইলেন্সারবিহীন মোটরসাইকেলের কারণে অতিরিক্ত শব্দ সৃষ্টি হয়ে জনদুর্ভোগ হচ্ছিল। পাশাপাশি আরোহীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ