Views Bangladesh Logo

কলকাতায় খেলতে আসতে পারে ব্রাজিল, আলোচনায় ছিল বাংলাদেশও

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী অক্টোবরে ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে। ব্রাজিলের সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আগামী কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচ আয়োজনের বিষয়ে ভারতীয় আয়োজকদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের সময় কলকাতায় ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্‌যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নজরে আসে। এর পরই কলকাতায় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা গুরুত্ব পায়।

ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, ফিফার নতুন ‘সুপার উইন্ডো’ সূচির সুযোগ নিয়ে সেপ্টেম্বর-অক্টোবরে তিনটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।

তৃতীয় ম্যাচটি অক্টোবরের শুরুতে কলকাতায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। শুরুতে সিবিএফ চারটি প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছিল। সে ক্ষেত্রে সম্ভাব্য ভেন্যুর তালিকায় বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরও ছিল। তবে দীর্ঘ ভ্রমণ, খেলোয়াড়দের বিশ্রাম এবং প্রস্তুতির বিষয় বিবেচনায় শেষ পর্যন্ত তিনটি ম্যাচেই সীমাবদ্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ ও সিঙ্গাপুর পরিকল্পনা থেকে বাদ পড়ে।

কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হলে শহরটির সমৃদ্ধ ফুটবল ইতিহাসে যুক্ত হবে নতুন অধ্যায়। এর আগে ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে নিউইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন। পরে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিও কলকাতায় সফর করেছেন।

তবে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কিংবা ভারতের ফুটবল কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ইএসপিএন ব্রাজিলের দাবি, দুই পক্ষের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ