Views Bangladesh Logo

নেইমারের চোটে দুশ্চিন্তায় ব্রাজিল, বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন ধাক্কা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ প্রস্তুতির মাঝেই বড় ধাক্কা খেল ব্রাজিল। ডান পায়ের কাফ ইনজুরির কারণে দলের প্রথম অনুশীলনে অংশ নিতে পারেননি তারকা ফরোয়ার্ড নেইমার। মেডিকেল পরীক্ষার জন্য তাকে বিশেষায়িত ক্লিনিকে পাঠানো হয়েছে। এতে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ৩৪ বছর বয়সী নেইমার গ্রাঞ্জা কোমারিতে দলের অনুশীলনে ছিলেন না। চোটের অবস্থা নির্ণয়ে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে স্ক্যান করানো হয়েছে তার।

এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, জাতীয় দলের মেডিকেল টিমের পূর্ণ মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো তথ্য জানানো হবে না। তবে অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় দিনেই নেইমারের অনুপস্থিতি সবচেয়ে বড় আলোচনায় পরিণত হয়েছে।

রোববার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তার আগে গ্রাঞ্জা কোমারিতে আরও তিনটি অনুশীলন সেশন করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত সপ্তাহে নেইমারের দলে ফেরা বেশ আলোড়ন তুলেছিল। কারণ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর পুরো এক বছর তার পরিকল্পনায় ছিলেন না এই ফরোয়ার্ড।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল। তবে ২০২৩ সালের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেননি তিনি। দীর্ঘদিনের চোট এবং ক্লাব সান্তোসে নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে তার ফিটনেস ও ফর্ম নিয়ে আগে থেকেই প্রশ্ন ছিল।

এখন সময়টা ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। পানামার বিপক্ষে ম্যাচের পর ক্লিভল্যান্ডে মিসরের মুখোমুখি হবে তারা। এরপর ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

মে মাসের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি স্পষ্ট করে বলেছিলেন, শুধু নামের কারণে দলে জায়গা পাবেন না নেইমার। তার মতে, ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সই হবে নির্বাচনের প্রধান মানদণ্ড। এখন তাই নেইমারের মেডিকেল রিপোর্টের দিকেই তাকিয়ে ব্রাজিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ