একই দিনে হার ব্রাজিল-আর্জেন্টিনার
একই দিনে হারের স্বাদ পেল লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজ নিজ ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের পর গত শনিবার ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছিল ব্রাজিল। তবে পরের ম্যাচে এসে ফের হারের শিকার হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার সকালের ম্যাচে প্যারাগুয়ের মাঠে বলের ৭১ শতাংশ দখল রেখেও গোলের দেখা পায়নি সেলেসাওরা।
ম্যাচের ২০তম মিনিটে দিয়াগো গোমেজের করা গোল শেষ পর্যন্ত পরিশোধ করতে পারেনি ব্রাজিল।
অন্যদিকে, কলম্বিয়ার মাঠে ছন্দ হারাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা পিছিয়ে যায় ম্যাচের ২৫তম মিনিটে। হামেস রদ্রিগেজের কর্নার থেকে গোল করেন মসকেরা। ৪৮তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরায় নিকো গনসালেস। তবে ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন রদ্রিগেজ।
হারের পরও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে আর্জেন্টিনা। ৮ ম্যাচ থেকে আর্জেন্টিনার পয়েন্ট ১৮। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে উরুগুয়ে। ব্রাজিল নেমে গিয়েছে ইকুয়েডরের নিচে। সেলেসাওদের অবস্থান পাঁচে। ৮ ম্যাচ থেকে তাদের অর্জন ১০ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে