Views Bangladesh Logo

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল ব্রাজিল, আছেন নেইমারও

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আর মাত্র এক মাস পর শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত করেছে ব্রাজিল। ব্রাজিলীয় সংবাদমাধ্যম 'গ্লোবো'র বরাত দিয়ে সাংবাদিক দিওগো দান্তোস জানিয়েছেন, এই তালিকায় জায়গা পেয়েছেন অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়র এবং তরুণ প্রতিভা এস্তেভাও।

৫৫ জনের দলে থাকলেও চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে নেইমারের থাকা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, প্রস্তুতির সময় নেইমারের ফিটনেসের উন্নতি হলে তবেই তাকে চূড়ান্ত দলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অভ্যন্তরীণ সূত্রগুলো এখনই এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি।

অন্যদিকে, ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় এনড্রিক এবং রদ্রিগোর বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। টুর্নামেন্ট শুরুর আগে তাদের পুরোপুরি সেরে ওঠার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। সামনের ম্যাচগুলোতে নতুন করে আর কোনো খেলোয়াড় যাতে চোটে না পড়েন, তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে কোচিং স্টাফরা।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত বলে নিশ্চিত হলে প্রাথমিক ৫৫ সদস্যের দল থেকেই বদলি নেওয়া যাবে। একই নিয়ম প্রযোজ্য গোলরক্ষকদের ক্ষেত্রেও।

এস্তেভাও সময়মতো সুস্থ হতে না পারলে তার পরিবর্তে প্রাথমিক দল থেকেই নতুন কাউকে নেওয়া হবে। সম্ভাব্য বিকল্প হিসেবে রায়ান ও এন্ড্রিকের নাম বিবেচনায় রয়েছে। তবে লুইস হেনরিকে দলে থাকার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলে জানা গেছে।

বর্তমানে পালমেইরাসে চিকিৎসাধীন এস্তেভাও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে সিবিএফ। তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ এবং প্রয়োজনে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ