Views Bangladesh Logo

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে ভেঙে নতুন উপজেলা গঠনের প্রস্তাব এবং বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম ফিরিয়ে দেওয়ার দাবিতে রেললাইন ও সড়কে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আন্দোলনকারীদের কর্মসূচির কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ ও আখাউড়া স্থলবন্দর সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে গুরুত্বপূর্ণ এ দুই রুটে পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস স্টেশনেই দাঁড়িয়ে আছে। কক্সবাজারগামী বিরতিহীন আন্তঃনগর পর্যটক এক্সপ্রেসও নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় থামিয়ে রাখা হবে।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে 'বরিশল' নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ইউনিয়নটি যুক্ত করা হয় আখাউড়া উপজেলার সঙ্গে। এ নিয়ে একই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

প্রায় দেড় শ বছরের পুরোনো বাসুদেব ইউনিয়নকে ভাঙার উদ্যোগের বিরুদ্ধে এলাকাবাসী গত এপ্রিল থেকেই আন্দোলনে ছিলেন। তখন মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ২২ এপ্রিল বরিশল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে ওই ছয় গ্রামের কিছু বাসিন্দা আখাউড়ার সঙ্গে যুক্ত হলে যাতায়াত, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসায় সুবিধা হবে বলে মত দিয়েছিলেন। তবে বাসুদেব ইউনিয়নের বাসিন্দাদের বড় অংশ শুরু থেকেই সিদ্ধান্তটির বিরোধিতা করে আসছেন, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।

এর মধ্যে সম্প্রতি নতুন প্রস্তাব এসেছে। সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল—এই তিন ইউনিয়ন ভেঙে আখাউড়ার সঙ্গে যুক্ত বরিশল ইউনিয়নের সঙ্গে মিলিয়ে 'বরিশল' নামে আলাদা উপজেলা গঠনের কথা বলা হচ্ছে।

স্থানীয়দের দাবি, এ প্রস্তাবের নেপথ্যে রয়েছেন জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়া। তাঁর আবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। জানমালের ক্ষতি এড়াতে সেখানে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ