কোকেন সেবন করে আবারও নিষিদ্ধ ব্রেসওয়েল
অবসরের ঘোষণা দিয়েও শেষ রক্ষা হলো না নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ডগ ব্রেসওয়েলের। কাউন্টি ক্রিকেট খেলার সময় ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের বড় নিষেধাজ্ঞা পেয়েছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। নিষিদ্ধ মাদক কোকেন সেবনের দায়ে তাকে এই শাস্তি দিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর, যখন এসেক্সের হয়ে চেমসফোর্ডে সমারসেটের বিপক্ষে মাঠে নেমেছিলেন ব্রেসওয়েল। ওই ম্যাচ চলাকালীন ডোপ টেস্টে তার নমুনায় নিষিদ্ধ মাদক কোকেনের উপস্থিতি পাওয়া যায়। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার পরে নিজেই স্বীকারোক্তি দেন যে, ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে ভোরে তিনি কোকেন গ্রহণ করেছিলেন।
টেস্টের ফল পজিটিভ আসার পর গত ২৮ ডিসেম্বর তড়িঘড়ি করে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ব্রেসওয়েল। তবে আইনি বাধ্যবাধকতায় অবসর তার শাস্তিকে আটকাতে পারেনি।
ব্রেসওয়েলের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে। সেই হিসেবে এই মেয়াদের সমাপ্তি ঘটবে ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক ও ঘরোয়া—সব ধরনের ক্রিকেটের জন্যই এই শাস্তি বলবৎ থাকবে।
উল্লেখ্য, এটিই ব্রেসওয়েলের প্রথম মাদক কেলেঙ্কারি নয়। এর আগেও ২০২৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলার সময় কোকেন টেস্টে পজিটিভ ফল আসায় এক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে