কিস্তির ৩ হাজার টাকার জন্য গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাক কর্মী
গাইবান্ধার সাদুল্লাপুরে ঋণের কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে এক নারী গ্রাহকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর এক মাঠ সংগঠকের বিরুদ্ধে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত গ্রাহক বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ওই ঋণগ্রহীতার নাম লাকী বেগম। তিনি ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী। অন্যদিকে অভিযুক্ত এনজিও কর্মীর নাম সালমা বেগম, তিনি ব্র্যাকের ধাপেরহাট শাখায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্র্যাকের ধাপেরহাট শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন লাকী বেগম। সেই ঋণের কিস্তির কিছু টাকা এখনো বকেয়া রয়েছে। বুধবার বেলা ১১টার দিকে লাকী বেগম ধাপেরহাট ব্র্যাক অফিসের সামনে গেলে পাওনা টাকা নিয়ে মাঠকর্মী সালমার সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে পাশে পড়ে থাকা লাঠি দিয়ে লাকী বেগমের মাথায় আঘাত করেন সালমা। এতে লাকীর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত লাকী বেগমের স্বামী মিন্টু মিয়া জানান, ঋণের প্রায় সব টাকাই পরিশোধ হয়েছে, মাত্র ১ হাজার ৫০০ টাকা পাওনা ছিল। সেই সামান্য টাকার জন্য মাঠকর্মী সালমা তার স্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছেন।
তবে অভিযুক্ত মাঠ সংগঠক সালমা বেগম মারধরের বিষয়টি স্বীকার করলেও নিজের আত্মরক্ষার দাবি করেছেন। তিনি জানান, ঋণগ্রহীতা লাকী বেগমের কাছে দীর্ঘ দেড় বছর ধরে তিন হাজার টাকা পাওনা রয়েছে। তিনি টাকা দিচ্ছি-দেব বলে টালবাহানা করে আসছিলেন। আজ সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে লাকী ও তার স্বামী তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় আত্মরক্ষার্থে পাশে পড়ে থাকা লাঠি দিয়ে আঘাত করলে লাকী বেগম আহত হন।
এ বিষয়ে ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) মোশাররফ হোসেন বলেন, ‘ওই সদস্য ২০২৪ সালে ঋণ নিয়েছিলেন, কিন্তু তিন হাজার টাকা পরিশোধ করেননি। বকেয়া টাকা নিয়ে উভয় পক্ষের বাকবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, যা মোটেও কাম্য নয়।’
এ ব্যাপারে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুপদ হালদার জানান, এই ঘটনায় দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে