Views Bangladesh Logo

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের শীর্ষ পারফর্মিং ব্যাংকগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ব্র্যাক ব্যাংক। মার্কিন সাময়িকী ফোর্বস প্রথমবারের মতো প্রকাশিত ‘বিশ্বের শীর্ষ পারফর্মিং ব্যাংক ২০২৬’ তালিকায় ৮৯টি দেশের ৫০০টি ব্যাংককে অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক।

মোট ৫০০ ব্যাংকের মধ্যে নিম্ন-মাঝারি আকারের ব্যাংকের শ্রেণিতে ৭৩তম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। মঙ্গলবার রাতে ব্যাংকটির পক্ষ থেকেও ফোর্বসের বৈশ্বিক তালিকায় স্থান পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফোর্বস জানিয়েছে, আগের জাতীয় ও বৈশ্বিক ব্যাংক র‌্যাঙ্কিংগুলো যেখানে মূলত গ্রাহকদের জরিপভিত্তিক মূল্যায়নের ওপর নির্ভর করত, নতুন এই তালিকা তৈরি করা হয়েছে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে। এ জন্য শীর্ষস্থানীয় তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি ক্যাপিটাল আইকিউয়ের তথ্য, নথিভিত্তিক গবেষণা এবং ব্যাংকগুলোর নিজেদের দেওয়া তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

তালিকায় স্থান পাওয়ার জন্য ব্যাংকগুলোকে বৈধভাবে আমানত গ্রহণকারী প্রতিষ্ঠান হতে হয়েছে। পাশাপাশি খুচরা বা করপোরেট গ্রাহকদের ঋণ দেওয়া তাদের মূল ব্যবসার অংশ হতে হয়েছে এবং জাতীয় হিসাবরক্ষণ মানদণ্ড অনুযায়ী আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হয়েছে। ব্যাংকগুলোর সর্বশেষ পূর্ণাঙ্গ ও নিরীক্ষিত অর্থবছরের আর্থিক বিবরণী এবং অন্তত টানা তিন বছরের আর্থিক তথ্যও থাকতে হয়েছে। এ ছাড়া অন্তত ৩ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ থাকা বাধ্যতামূলক ছিল।

ফোর্বসের মূল্যায়নে ব্যাংকগুলোর চারটি প্রধান বিষয় বিবেচনা করা হয়েছে। এর মধ্যে লাভজনতার গুরুত্ব ৩০ শতাংশ, প্রবৃদ্ধি ও আয়ের গুণমান ২০ শতাংশ, মূলধন ও তহবিলের সক্ষমতা ২৫ শতাংশ এবং সম্পদের গুণমান ও দক্ষতার গুরুত্ব ২৫ শতাংশ।

লাভজনতা মূল্যায়নে গড় সম্পদের বিপরীতে আয়, আয় ও পরিচালন ব্যয়ের অনুপাত এবং নিট সুদ ব্যবধানের মতো সূচক বিবেচনা করা হয়েছে। প্রবৃদ্ধি ও আয়ের গুণমান নির্ধারণে তিন বছরের আয় বৃদ্ধি, আয়ের স্থিতিশীলতা এবং গ্রাহকদের আমানত বৃদ্ধির তথ্য দেখা হয়েছে। অন্যদিকে মূলধন ও তহবিলের সক্ষমতা যাচাইয়ে মূলধনের অনুপাত ও ঋণ-আমানত অনুপাতের মতো সূচক এবং সম্পদের গুণমান ও দক্ষতা নির্ধারণে ঋণের মান, ঝুঁকি ব্যবস্থাপনা ও ভারসাম্যপত্রের স্থিতিস্থাপকতা বিবেচনা করা হয়েছে।

মূল্যায়নের আগে মোট সম্পদের ভিত্তিতে ব্যাংকগুলোকে ছয়টি শ্রেণিতে ভাগ করেছে ফোর্বস। ৫০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের ব্যাংককে বৈশ্বিক ব্যাংক, ১০০ থেকে ৫০০ বিলিয়ন ডলারের ব্যাংককে বড় ব্যাংক, ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলারের ব্যাংককে উচ্চ-মাঝারি আকারের ব্যাংক, ২০ থেকে ৫০ বিলিয়ন ডলারের ব্যাংককে মাঝারি আকারের ব্যাংক এবং ১০ থেকে ২০ বিলিয়ন ডলারের ব্যাংককে নিম্ন-মাঝারি আকারের ব্যাংক হিসেবে ধরা হয়েছে। ৩ থেকে ১০ বিলিয়ন ডলারের সম্পদের ব্যাংককে রাখা হয়েছে ছোট ব্যাংকের শ্রেণিতে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রেফাত উল্লাহ খান। ফোর্বসের তথ্য অনুযায়ী, ব্যাংকটিতে বর্তমানে ৭ হাজার ৪৮৩ জন কর্মী রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ