Views Bangladesh Logo

থানায় হামলা নব্য ‘মব সংস্কৃতির’ বহিঃপ্রকাশ: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বরিশালের আগৈলঝাড়া থানায় এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে হামলা, ভাঙচুর ও কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে দেশে গড়ে ওঠা নব্য ‘মব সংস্কৃতির’ বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যায় চুরির মামলার আসামি রিয়াজ ফকির (২৬)-কে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানায় নেওয়া হয়। মাদকাসক্ত রিয়াজ থানাহাজতে নিজের মাথায় আঘাত করে আহত হন বলে দাবি করা হয়েছে। পরে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে একদল লোক আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, গুজবের ভিত্তিতে এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলার জন্যই হুমকি নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারপ্রক্রিয়া ও জননিরাপত্তার প্রতিও গুরুতর হুমকি। সংগঠনটির দাবি, কোনো স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে দেশের নাগরিকদের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্যের ওপর নির্ভর করার, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ