এ বছর বিপিএল হচ্ছে না, বিসিবির সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজিদেরও সম্মতি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর আয়োজন করা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল আগেই জানিয়েছিলেন, চলতি বছর বিপিএল আয়োজন না করে টুর্নামেন্টের কাঠামোগত সংস্কারে গুরুত্ব দেওয়া হবে। এবার বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছে তিন ফ্র্যাঞ্চাইজি—রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস।
শনিবার বিসিবিতে অনুষ্ঠিত এক বৈঠকের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে জানানো হয়, আগের মডেলে বিপিএল আয়োজনের চেয়ে নতুন ও কার্যকর কাঠামো তৈরি করাই বেশি জরুরি। সংস্কারের পর একটি আদর্শ মডেলে বিপিএল আয়োজনের পক্ষে তারা।
রাজশাহী ওয়ারিয়র্সের সিইও মোকছেদুল কামাল বাবু বলেন, মাঠে বিপিএল চান তারা এবং টুর্নামেন্টের ধারাবাহিকতাও থাকা দরকার। তবে আগের সমস্যাগুলোর সমাধান করে এমন একটি মডেল তৈরি করা প্রয়োজন, যাতে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়—সব পক্ষই লাভবান হয়।
রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেকও নতুন কাঠামোয় বিপিএল আয়োজনের পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য বিসিবির কাছ থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইশতিয়াক সাদেক বলেন, বাজারের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এ অবস্থায় শুধু নামমাত্র বিপিএল আয়োজন করে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা তৈরি করার চেয়ে সময় নিয়ে ভালো একটি মডেল তৈরি করাই বেশি যুক্তিসংগত।
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ জানান, বিপিএলের নতুন মডেল তৈরি করতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চার-পাঁচ মাস সময় দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। গত দুই বছরের মতো করে টুর্নামেন্ট আয়োজন করা হলে তারা থাকবেন না বলেও জানান তিনি। তবে নতুন মডেল এলে বিপিএলে থাকার আগ্রহ রয়েছে ঢাকা ক্যাপিটালসের।
আতিক ফাহাদ বলেন, বিপিএলের মান বাড়াতে বিসিবি সভাপতি তামিম ইকবাল নতুন একটি মডেল তৈরি করতে চান এবং সেই উদ্যোগের জন্য প্রয়োজনীয় সময় দিতে তারা প্রস্তুত।
ফলে এ বছর বিপিএল না হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত। তবে বিপিএলের নির্ধারিত সময়ে ক্রিকেটারদের নিয়ে বিসিবির পরিকল্পনা কী হবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
মতামত দিন