বিপিএলে ফিক্সিংয়ের দায়ে ৫ জনকে সাময়িক নিষিদ্ধ করল বিসিবি
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে অবশেষে পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্তদের নাম প্রকাশ করে বিসিবি।
বিসিবির ঘোষণায় বলা হয়, বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তে জুয়া, দুর্নীতির প্রস্তাব, তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের মতো গুরুতর অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, তারা জুয়া-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলার চেষ্টা করেছেন।
যাদের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন—লাবলুর রহমান, তৌহিদুল হক তৌহিদ, রেজওয়ান কবির সিদ্দিকী, সামিনুর রহমান এবং অমিত মজুমদার। এর মধ্যে অমিত মজুমদার একজন ঘরোয়া ক্রিকেটার। বাকি চারজন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট। লাবলু চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার, তৌহিদ নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী এবং রেজওয়ান কবির সিদ্দিক ও সামিনুর রহমান টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।
বিসিবি জানিয়েছে, অভিযুক্তরা অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন সময় পাবেন। এই সময়ের মধ্যে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তদন্ত ও শৃঙ্খলা প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে বোর্ড আর কোনো মন্তব্য করবে না বলেও জানানো হয়েছে।
এদিকে বিসিবির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপিএলের আগের তিনটি আসর—নবম, দশম ও একাদশ আসরে ম্যাচ সংশ্লিষ্ট দুর্নীতি ও বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের অভিযোগে সামিনুর রহমানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বিসিবির দাবি, সামিনুর রহমান নিজের অপরাধ স্বীকার করেছেন।
বিপিএলকে ঘিরে ফের এমন অভিযোগ সামনে আসায় দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে