Views Bangladesh Logo

আজ থেকে সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভোক্তা পর্যায়ে বাজার স্থিতিশীল রাখতে এবং অভ্যন্তরীণ বাজারের উপর চাপ কমাতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন(বিপিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে অকটেনের সরবরাহ ২০ শতাংশ এবং ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ হারে বৃদ্ধি করা হবে।

রোববার বিপিসি থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান চাহিদা বিবেচনা করে ডিলার ও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিপিসির ডিস্ট্রিবিউশন ও মনিটরিং উইং কর্তৃক প্রণীত নতুন বণ্টন পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সারাদেশে ১৩ হাজার ৪৮ টন ডিজেল, ১ হাজার ৪২২ টন অকটেন এবং ১ হাজার ৫৪৭ টন পেট্রোল সরবরাহ করা হবে।

জ্বালানি তেলের খুচরা মূল্য বৃদ্ধির ঘোষণার পরপরই সরবরাহ বাড়ানোর এই ঘোষণা এলো। এর আগে শনিবার রাতে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ করে সরকার, যা রোববার থেকে কার্যকর হয়। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঢাকা ও ঢাকার বাইরে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এবং সরবরাহ সংকটের আশঙ্কায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছিল। এর আগে মার্চ মাসে বিপিসি যানবাহন ভেদে জ্বালানি তেল বিক্রির ওপর দৈনিক সীমা নির্ধারণ করে দিয়েছিল। তবে নতুন এই নির্দেশনার মাধ্যমে আগের বিধিনিষেধ থেকে সরে এসে বাজারে তেলের সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ব্যাপারে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় দাম সমন্বয় করতে হয়েছে। তবে এখনো জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার। সরবরাহ বৃদ্ধির এই নতুন সিদ্ধান্তের ফলে দ্রুতই ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে মন্ত্রণালয় ও বিপিসি কর্মকর্তাদের মতে, বাজারে তেলের কোনো প্রকৃত ঘাটতি নেই। প্যানিক বায়িং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা এবং মজুত করার প্রবণতার কারণেই সাময়িক অস্থিরতা তৈরি হয়েছিল। বাজার নিয়ন্ত্রণে কড়াকড়ি তদারকির অংশ হিসেবে ‘ফুয়েল পাস’ নামক ডিজিটাল মনিটরিং ব্যবস্থাও ইতিমধ্যে বিভিন্ন জেলায় সম্প্রসারণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ