Views Bangladesh Logo

রাইড শেয়ারিং মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার তেল সরবরাহের নির্দেশ

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত মোটরসাইকেলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানায়, এখন থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সরবরাহ করা যাবে।

বিপিসি জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই বিদেশ থেকে নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে এবং প্রধান স্থাপনা থেকে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে তা সারাদেশে সরবরাহ করা হচ্ছে। রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত মোটরসাইকেলের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সীমা নির্ধারণ করা হয়েছে, তবে তেল সংগ্রহের সময় ফিলিং স্টেশন থেকে তেলের ধরন, পরিমাণ ও দর সম্বলিত ক্রয় রশিদ গ্রহণ করতে হবে এবং পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের রশিদের মূল কপি জমা দিতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই সাপেক্ষে এই জ্বালানি সরবরাহ নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এর আগে গত শুক্রবার ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রির একটি সাধারণ সীমা নির্ধারণ করে দিয়েছিল বিপিসি। সেই নির্দেশনা অনুযায়ী, ব্যক্তিগত মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার এবং এসইউভি, জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল সংগ্রহের সুযোগ রাখা হয়। এছাড়া ডিজেলচালিত যানের ক্ষেত্রে পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কভার্ডভ্যানের জন্য ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত জ্বালানি বিক্রির সীমা কার্যকর রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ