Views Bangladesh Logo

ভোটের তিন দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিপিএএমইএর নির্বাচন স্থগিত

বাণিজ্য সংগঠন আইন ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত ভোটগ্রহণের মাত্র তিন দিন আগে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এর আগে নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে ২৭ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ছয়জন সহসভাপতি এবং ১৫ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আগামী শনিবার সভাপতি পদে একজন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে পাঁচজন পরিচালক নির্বাচনের জন্য ভোটগ্রহণ হওয়ার কথা ছিল।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সংগঠনের বর্তমান সভাপতি ও আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার এবং ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ। নির্বাচনে জামিল আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও অন্য অধিকাংশ প্রার্থী ঐক্য পরিষদের প্যানেল থেকে মনোনয়ন পান।

জানা গেছে, গত ৭ জুলাই সভাপতি প্রার্থী জামিল আহমেদ এবং সংগঠনের পরিচালক মোহাম্মদ বেলাল পৃথকভাবে বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে অভিযোগ দাখিল করেন। তাদের অভিযোগ, বাণিজ্য সংগঠন বিধিমালার নির্ধারিত শর্ত পূরণ না করেও কয়েকজনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়েছে।

অভিযোগে বলা হয়, পরপর দুই মেয়াদ পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনকারীরা পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারেন না। কিন্তু বর্তমান সভাপতি মো. শাহরিয়ার এবং দ্বিতীয় সহসভাপতি পদপ্রার্থী মো. মনিরুজ্জামান মোল্লাকে সেই বিধান উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ঋণখেলাপি ব্যক্তিদেরও প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলা হয়।

অভিযোগগুলো প্রথমে নির্বাচন বোর্ড এবং পরে আপিল বোর্ডে উপস্থাপন করা হলেও উভয় ক্ষেত্রেই তা খারিজ করা হয়। আপিল বোর্ড সংশ্লিষ্ট দুই প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়।

নির্বাচনসংশ্লিষ্ট সূত্রের দাবি, যেসব বিধান উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, সেগুলো গত বছরের মে মাসে জারি হওয়া নতুন প্রজ্ঞাপনের আওতায় এসেছে। ওই বিধান পূর্ববর্তী মেয়াদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কারণেই আপিল বোর্ড অভিযোগ গ্রহণ করেনি।

তবে বাণিজ্য মন্ত্রণালয় অভিযোগের বিষয়ে শুনানি শেষে আবেদনকারীদের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে বিষয়টি উপস্থাপনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনালে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিপিএএমইএর নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সভাপতি প্রার্থী মো. শাহরিয়ার বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন সংগঠনের নির্বাচনকে ঘিরে একটি পক্ষ পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের শুনানিতে যেসব প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। একইভাবে এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে অভিযোগ পাঠানোর ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষভুক্ত করা হয়নি এবং তাঁদের বক্তব্য নেওয়া হয়নি।

মো. শাহরিয়ার জানান, সংগঠনের স্বার্থ রক্ষায় আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে তিনি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানানোর আহ্বান জানান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ