Views Bangladesh Logo

বরিশালে প্রেমিকাকে বাসায় ডেকে এনে হত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

বরিশালের উজিরপুরে কলেজছাত্রী সানজিদা কবির আনিতা (২১) হত্যা মামলার প্রধান আসামি ও তার প্রেমিক মো. মাইনুল ইসলাম হিমুকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হিমু ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা এবং তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

র‌্যাব সূত্র অনুযায়ী, নিহত আনিতার সঙ্গে হিমুর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল সকালে আনিতা বোনের বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে দীর্ঘ সময় মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজ নিতে থাকেন।

একপর্যায়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, আনিতা পশ্চিম বগুড়া রোডের অক্সফোর্ড মিশন প্রাইমারি স্কুলের বিপরীত পাশের একটি গলিতে হিমুর ভাড়া বাসায় রয়েছেন। সেখানে গিয়ে তারা খাটের ওপর আনিতার মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত হিমু আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হিমুকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ