জুলাই কনসার্টে গায়ক হাসানকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, ক্ষোভ-প্রতিবাদ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকাল হাসান। গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে দর্শকসারির দিক থেকে একটি পানির বোতল ছুড়ে মারা হয়।
বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত কনসার্টে পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক এবং আর্টসেলসহ দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ডগুলো অংশ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দর্শকদের সামনে গান গাওয়ার সময় একটি পানির বোতল এসে হাসানের মুখে আঘাত করে। এতে বোতলের পানি তার শরীর ও মঞ্চে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় তিনি বিচলিত না হয়ে গান চালিয়ে যান এবং পুরো পরিবেশনা শেষ করেন।
ঘটনার পর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, মঞ্চে পারফর্ম করার সময় একজন শিল্পীকে কেন বোতল ছুড়ে মারা হলো এবং সামনের সারিতে থাকা কিছু মানুষ কেন ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিচ্ছিল।
তিনি অভিযুক্তদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মঞ্চে থাকা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো আয়োজনের অন্যতম প্রধান দায়িত্ব। আয়োজকেরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না, সেটিও প্রশ্নের মুখে পড়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
মতামত দিন